
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-কে আরও ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, বাংলাদেশে রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা দিতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। ইউএনএইচসিআরকে দেওয়া এই সর্বশেষ ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা নারী, কন্যাশিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য অত্যাবশ্যক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া মানবিক সহায়তার পাশাপাশি সংকটের টেকসই সমাধানেও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাবে।
২০১৭ সালে মিয়ানমারে ব্যাপক সহিংসতা ও নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা নিরাপত্তার আশায় বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় বসবাস করছেন, যাদের অধিকাংশই কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে অবস্থান করছেন।
শরণার্থীদের বেশিরভাগই খাদ্য, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে প্রায় সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। তবে দীর্ঘদিনের অর্থায়ন সংকট তাদের জীবনকে আরও অনিশ্চিত করে তুলেছে।
সংশ্লিষ্টরা বলছেন, তহবিলের ঘাটতির কারণে অনেক রোহিঙ্গা জীবিকার সন্ধানে কিংবা উন্নত ভবিষ্যতের আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রাসহ নানা বিপজ্জনক পথে পা বাড়াতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা





