১৫ দিনের সংঘাতে ১১ মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসির, যুক্তরাষ্ট্রের মন্তব্য নেই

Date:

spot_img

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ১৫ দিনব্যাপী সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে শতাধিক মার্কিন সেনা হতাহত এবং বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। তবে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইআরজিসির মুখপাত্র আলী মোহেব্বি বলেন, ইরানের হামলায় নজরদারি ও সামরিক অভিযানে ব্যবহৃত মোট ১৭টি ড্রোন ধ্বংস হয়েছে, যার মধ্যে আটটি ছিল নতুন। এছাড়া একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত আটটি বিমান ধ্বংস হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, এসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অবস্থানরত অবস্থায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।

মোহেব্বি আরও দাবি করেন, ইরানের হামলায় ৯টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ৫টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, ৬টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার, বিমান ও নৌবাহিনীর ৩টি নজরদারি রাডার, ৮টি গোয়েন্দা ও আগাম সতর্কীকরণ রাডার, ৭টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, ৫টি ইলেকট্রনিক পজিশনিং সিস্টেম (ইপিএস) রাডার, আরও ৫টি দূরপাল্লার রাডার, ২টি আকাশ প্রতিরক্ষা রাডার এবং একটি ট্যাকটিক্যাল রাডার কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এছাড়া ৬টি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, ১৭টি অস্ত্রের গুদাম, ১২টি জ্বালানি সংরক্ষণ ট্যাংক, ৩টি লজিস্টিকস কেন্দ্র, ৬টি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, ৬টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, ৪টি হিমার্স রকেট লঞ্চার, একটি জ্বালানি জেটি, একটি চালকবিহীন জলযান সংরক্ষণাগার, একটি গোয়েন্দা তথ্যকেন্দ্র, ৪টি যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ৪টি হেলিকপ্টার এবং ৬টি ক্ষেপণাস্ত্র গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

আইআরজিসির মুখপাত্রের দাবি, সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর ইরানের পাল্টা অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র যে হতাহতের তথ্য প্রকাশ করেছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ইরান মার্কিন বাহিনীর ব্যবহৃত আটটি স্থাপনায় হামলা চালায় এবং এর একটি স্থাপনায় থাকা ২০টি আশ্রয়কেন্দ্র ধ্বংস করা হয়। আহত সেনার প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত নিহতের সংখ্যার চেয়ে অনেক বেশি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ঘটনাস্থলে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান, যাতে হতাহতের প্রকৃত চিত্র স্বাধীনভাবে যাচাই করা যায়।

মোহেব্বি সতর্ক করে বলেন, যুক্তরাজ্য, উপসাগরীয় কোনো দেশ বা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তাকারী অন্য যেকোনো দেশ ভবিষ্যতে তেহরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে।

তিনি দাবি করেন, সম্প্রতি যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান পরিচালিত হয়েছে। তার মতে, লন্ডন ভবিষ্যতেও ওয়াশিংটনকে সামরিক সহায়তা দিলে যুক্তরাজ্যও ইরানের সম্ভাব্য হামলার আওতায় আসতে পারে।

একই সঙ্গে সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রয়োজনীয় সামরিক পরিকল্পনা প্রস্তুত রেখেছে বলে জানান আইআরজিসির এই মুখপাত্র। পাশাপাশি ইসরায়েলকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুদ্ধ আবার শুরু হলে তেহরান কঠোর জবাব দেবে।

মোহেব্বির অভিযোগ, নিজেদের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েল ভুয়া গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে সামরিকভাবে সম্পৃক্ত রাখার চেষ্টা করছে। তবে তার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইসরায়েলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...