
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলোর বাধা টপকাতে পারল না পর্তুগাল। ডালাসে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে যোগ করা সময়ে মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। একই সঙ্গে শেষ হয়ে গেছে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের আজীবনের স্বপ্ন।
পুরো ম্যাচজুড়ে দুই দলই সমানতালে লড়াই করলেও শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। স্পেনের সংগঠিত রক্ষণভাগ ও ধৈর্যশীল ফুটবল শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এটি ছিল শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা এই পর্তুগিজ মহাতারকা বিশ্বকাপের ইতিহাসে ছয়টি আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফিটি অধরাই থেকে গেল তার। রূপকথার মতো বিদায়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। সপ্তম মিনিটে পর্তুগালের গনসালো ভালো সুযোগ হাতছাড়া করেন। এক মিনিট পর স্পেনের মিকেল ওইয়ারসাবাল গোলরক্ষককে একা পেয়েও বল লক্ষ্যে রাখতে পারেননি। ১২তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে রোনালদোর জোরালো শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
প্রথমার্ধে স্পেনও একাধিক সুযোগ তৈরি করে। লামিন ইয়ামাল ও অ্যালেক্স বায়েনার পরপর দুটি শট অসাধারণ ডাবল সেভে রুখে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা। ৩৮তম মিনিটে রোনালদোর অ্যাক্রোবেটিক শটও ঠেকিয়ে দেন উনাই সিমন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ে। ৭৩তম মিনিটে ইয়ামালের ফ্রি-কিক প্রতিহত করেন কস্তা। কিছুক্ষণ পর দানি ওলমোর শট পর্তুগালের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও বিপদ কাটিয়ে ওঠে দলটি।
তবে ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে, তখনই আসে নির্ধারণী মুহূর্ত। যোগ করা সময়ে ফেরান তোরেসের বাড়ানো বল থেকে মিকেল মেরিনো নিখুঁত ফিনিশিংয়ে জালে বল পাঠিয়ে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায় পর্তুগাল। কিন্তু স্পেনের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় পর্তুগালের। আর বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন নিয়েই শেষ হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। অন্যদিকে, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেল কোয়ার্টার ফাইনালে।





