
আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষক সংকট থাকায় এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল এবং অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগ।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেখা যায়, মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিশোধে অতিরিক্ত ৫০১ কোটি টাকার প্রয়োজন হলেও অন্তর্বর্তী সরকার বাজেটে এ অর্থ বরাদ্দ রাখেনি। এ কারণে দুই মাসের বেতন পরিশোধ সম্ভব হয়নি। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ নিয়মিত বেতন দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে উঠে জীবন পরিচালনা করতে হবে। তিনি সংসদে ইসলাম বিষয়ে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষার্থীদের ইসলামের প্রকৃত আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।





