
আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালি এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এদিকে, বাহরাইন অভিযোগ করেছে, ইরান শনিবার সকালে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। জাহাজটির ক্যাপ্টেন হামলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
ক্যাপ্টেনের বরাত দিয়ে ইউকেএমটিও জানায়, অজ্ঞাত বস্তুটি ট্যাংকারের কমান্ড সেন্টারের ওপর আঘাত হানে। তবে এ ঘটনায় জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংস্থাটি আরও জানায়, হামলার ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, শনিবার সকালে ইরান দেশটির বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে। যদিও ড্রোনগুলো সরাসরি কোনো স্থাপনায় আঘাত হেনেছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা আরও দাবি করেছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো সাধারণ নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রশমনের চলমান উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে।
তবে ড্রোন হামলায় কোন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি বাহরাইন।
সূত্র: আল জাজিরা।





